ইয়ুথ হাব আয়োজিত ভার্চুয়াল ওয়েবিনার “মেনোপজ ও এর পূর্ব সময়” অনুষ্ঠিত
মালয়েশিয়া সময় সন্ধ্যা ৭:৩০টায় শুরু হয়ে রাত ৯:০০টা পর্যন্ত ইয়ুথ হাব আয়োজিত “মেনোপজ ও এর পূর্ব সময়” শীর্ষক একটি ভার্চুয়াল ওয়েবিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নারীদের জীবনের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে করণীয় বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়।
ওয়েবিনারটি পরিচালনা করেন ইয়ুথ হাবের সহ-প্রতিষ্ঠাতা সুমাইয়া জাফরিন চৌধুরী। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. নুসরাত মাহজাবীন, সহযোগী অধ্যাপক, অবস্ ও গাইনী বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাংলাদেশ এবং ইয়ুথ হাবের পরিচালনা পর্ষদের সদস্য ডা. লুবনা শিরিন, সিনিয়র লেকচারার, অ্যানাটমি বিভাগ, ইউনিভার্সিটি টেকনোলজি মারা (UiTM), মালয়েশিয়া। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ইয়ুথ হাবের পরিচালনা পর্ষদের সদস্য এবং ইউনিভার্সিটি অব মালয়ার ফ্যাকাল্টি অব মেডিসিন বিভাগের লেকচারার ডা. তানিয়া ইসলাম।
ওয়েবিনারে প্রায় ৭০ জন নারী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান এবং বিশেষজ্ঞরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন, যা আয়োজনটিকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করে তোলে। ওয়েবিনারে অংশগ্রহণকারী সকলকে ই-সার্টিফিকেট প্রদান করা হবে।
উল্লেখ্য, এই ওয়েবিনারটি ইয়ুথ হাবের “ভার্চুয়াল ডাক্তার” উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে, যার লক্ষ্য সহজলভ্য স্বাস্থ্যসেবা তথ্য ও সচেতনতা বৃদ্ধি করা।
ইয়ুথ হাব একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সাথে সামঞ্জস্য রেখে এসডিজি ৩ (সুস্বাস্থ্য), ৪ (গুণগত শিক্ষা), ৫ (লিঙ্গসমতা), ৮ (শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি), ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), ১৩ (জলবায়ু কার্যক্রম) এবং ১৭ (অংশীদারিত্বের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন)—এই লক্ষ্যসমূহ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইয়ুথ হাব তরুণদের দক্ষ ও উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে এবং বিশেষভাবে নারীদের প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যোক্তা ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব প্রদান করে। শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলাই সংগঠনটির লক্ষ্য।